News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২১, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ‘অ্যাকুইলা ২’ নামের একটি বিশালাকৃতির তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা (কোয়ারেন্টাইন) অমান্য করে জাহাজটি ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল নিয়ে চীনের একটি বন্দরের দিকে যাচ্ছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই মার্কিন নৌবাহিনী ট্যাংকারটিকে নজরদারিতে রেখেছিল এবং ভারত মহাসাগর এলাকায় রাতব্যাপী অভিযানের মাধ্যমে জাহাজটি জব্দ করা হয়।

পিট হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার ট্যাংকারগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। অ্যাকুইলা ২ সেই নির্দেশ অমান্য করায় উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকুইলা ২ একটি সুয়েজম্যাক্স শ্রেণির ট্যাংকার, যা একবারে প্রায় ১০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম। জাহাজটি জব্দের সময় এতে প্রায় ৭ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল।

আরও পড়ুন: ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

অ্যাকুইলা ২ ভেনেজুয়েলা সরকারের মালিকানাধীন। জাহাজটির নেতৃত্বে একটি বহর চীনের বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। তবে মার্কিন নৌবাহিনী অ্যাকুইলা ২ জব্দ করার পর বহরের অন্যান্য জাহাজ ভেনেজুয়েলার দিকে ফিরে গেছে বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়