News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩১

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩১

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং আরও ১৬৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় দক্ষিণ-পূর্ব তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা শিয়া মসজিদে এই ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ডন, জিও নিউজ এবং আল-জাজিরা জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত ১৬৯ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মসজিদের গেটে নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে থামানোর চেষ্টা করার সময় সে নিজেকে বিস্ফোরণ ঘটায়। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও হামলার বিস্তারিত এখনও নিশ্চিত করা যায়নি। ফরেনসিক দল এ বিষয়ে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে কোনো জঙ্গি সংগঠন যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে; নিরাপত্তা সূত্র বলছে, সম্ভাব্য দায়ী হতে পারে টিটিপি বা আইএসের মতো সংগঠন।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে বাংলাদেশের পাশে দৃঢ় অবস্থান পাকিস্তানের

বিস্ফোরণের পরপরই ইসলামাবাদ পুলিশ ও উদ্ধারকারী সংস্থার এক হাজারেরও বেশি সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত পিআইএমএস, ইসলামাবাদ পলিক্লিনিক এবং সিডিএ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পিআইএমএস-এর নির্বাহী পরিচালকের নির্দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালাচ্ছে।

ঘটনার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঘটনায় শোক প্রকাশ করে আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও গভীর শোক প্রকাশ করেছেন এবং হামলার নিন্দা করেছেন।

এ ঘটনার ফলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে, কারণ মাত্র তিন মাসের ব্যবধানে ইসলামাবাদে আবারও একটি ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটলো। স্মরণযোগ্য, ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালতের বাইরে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছিল। তার আগে ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে এক আত্মঘাতী হামলায় ৬৩ জন নিহত এবং ২৫০ জনের বেশি মানুষ আহত হয়েছিল।

স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি এখন পুরো ইসলামাবাদ জুড়ে সতর্কতা জারি করেছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহে তৎপর রয়েছে।

সূত্র: দ্য ডন, জিও নিউজ, আল-জাজিরা

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়