মুম্বাই বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা
ছবি: সংগৃহীত
ভারতের মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে চলাচলের সময় দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দুটি এয়ারবাস এ৩২০ মডেলের বিমানের ডানার অগ্রভাগ একে অপরের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। এতে উভয় বিমানের ধাতব অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) ঘটনাটি নিশ্চিত করেছে।
ডিজিসিএ জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৭৩২ এবং ইন্ডিগোর ফ্লাইট ৬ই৭৯১ দুটি বিমানই এয়ারবাস এ৩২০ মডেলের। ট্যাক্সিওয়েতে চলাচলের সময় তাদের ডানার অগ্রভাগ পরস্পরের সঙ্গে স্পর্শ করে, ফলে উভয় বিমানের ধাতব অংশে ক্ষত সৃষ্টি হয়। তবে সংঘর্ষটি মাটিতে ঘটায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি; কোনো যাত্রী আহত হননি।
বিবৃতিতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে ট্যাক্সি করছিল। একই সময় হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর বিমানটি ঘোরার সময় ছিল। এই অবস্থায় দুই বিমানের ডানার অংশ একে অপরের সঙ্গে লেগে যায়।
আরও পড়ুন: ভারতের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র
বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি বিমান গেট থেকে পুশব্যাক করে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, আরেকটি একই সঙ্গে ট্যাক্সি করছিল- এ সময়ই সংঘর্ষ ঘটে।
ঘটনার পরপরই দুটি বিমানকে পরিদর্শনের জন্য পুনরায় পার্কিং বেতে ফিরিয়ে নেওয়া হয় এবং পরিষেবা থেকে সরিয়ে প্রযুক্তিগত পরীক্ষা শুরু করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উভয় বিমানকেই পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড রাখা হয়েছে।
ইন্ডিগোর এক মুখপাত্র জানান, সব যাত্রী নিরাপদ আছেন এবং বিমান পার্ক করার পর তাদের নামিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিমানটি রক্ষণাবেক্ষণসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে, তাদের এ৩২০ বিমানের ডানার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে নামানো হয়েছে এবং গ্রাউন্ড টিম যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করছে।
ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিমানবন্দরে বিমান চলাচলে সামান্য বিঘ্ন ঘটে। ডিজিসিএ জানিয়েছে, কী কারণে ট্যাক্সিওয়েতে এই সংঘর্ষ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি সমন্বয়জনিত ত্রুটির ফল হতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ হলে প্রকৃত কারণ স্পষ্ট হবে।
সূত্র: এনডিটিভি
নিউজবাংলাদেশ.কম/পলি








