News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জাপানে ভারী তুষারপাতে প্রাণ গেল ৩০ জনের

জাপানে ভারী তুষারপাতে প্রাণ গেল ৩০ জনের

ছবি: সংগৃহীত

জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্যমতে, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। জাপান সাগর উপকূলজুড়ে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ তুষার জমেছে।

নিহতদের মধ্যে ৯১ বছর বয়সি এক বৃদ্ধাও রয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, আওমোরির আজিগাসাওয়া এলাকায় তাঁর মরদেহ নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে তুষার ধসে পড়ে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধারকাজে সহায়তার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। দুর্গম এলাকাগুলোতে এখনো ৪ দশমিক ৫ মিটার (প্রায় ১৫ ফুট) পর্যন্ত তুষার জমে আছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, আবহাওয়া উষ্ণ হলে জমে থাকা তুষার হঠাৎ গলে পড়ে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তুষারের পরিমাণ ও তাপমাত্রার ওপর নির্ভর করে ছাদের নিচে অবস্থান করা প্রাণঘাতী হতে পারে।

পরিস্থিতির অবনতি বিবেচনায় মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন। সেখানে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: ভারতের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

এদিকে সোমবার আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানান, তুষার অপসারণ এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তার জন্য তিনি সামরিক বাহিনীর সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেন, আঞ্চলিক রাজধানী আওমোরি শহরের অনেক এলাকায় প্রায় ১ দশমিক ৮ মিটার উঁচু তুষার জমেছে। এতে সড়ক ও বাড়িঘর থেকে বরফ সরাতে হিমশিম খাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তুষারের চাপে ভবন ধসে পড়া কিংবা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়