ভারতের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ভারতের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ কমিয়ে ১৮ শতাংশে নামাতে রাজি হয়েছে। এ সিদ্ধান্ত ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানো, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ এবং সম্ভাব্য ভেনিজুয়েলা থেকে তেল কেনার কারণে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আলজাজিরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে এ চুক্তিতে সম্মত হন। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধার কারণে এবং তার অনুরোধ অনুযায়ী এটি কার্যকর করা হয়েছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ ধার্য করবে।
ট্রাম্প আরও জানান, নরেন্দ্র মোদি ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও অন্যান্য পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়ান তেল কেনার শাস্তিস্বরূপ আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করা হচ্ছে।
এদিকে, মোদি নিজের টুইটারে লিখেছেন, আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে দারুণ লাগলো। ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮% করার সিদ্ধান্তে আমি খুবই আনন্দিত।
আরও পড়ুন: গ্র্যামিতে এপস্টেইনকে জড়িয়ে মন্তব্য, মামলার হুমকি ট্রাম্পের
উল্লেখ্য, গত বছরের আগস্টে ট্রাম্প ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে তা আরও বৃদ্ধি পায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী পদক্ষেপকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ হিসেবে উল্লেখ করেছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








