News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৪, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬

দেশে চালু হলো ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন

দেশে চালু হলো ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন

ছবি: সংগৃহীত

দেশে গত ১৯ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত ডটবিডি  সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন: example.bd)। এতে দেশের আইটি খাত ও ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ডোমেইন বিভাগ একইসঙ্গে চালু করেছে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ডোমেইন রিসেলার সিস্টেম। এর আগে বিদ্যমান .com.bd ডোমেইন ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্র্যান্ড পরিচিতি অক্ষুণ্ন রাখতে তিন মাসব্যাপী ‘সানরাইজ পিরিয়ড’ চালু রাখা হয়। এই সময়ে নিবন্ধিত গ্রাহকরা তাদের .bd ডোমেইন নাম সংরক্ষণের সুযোগ পান, যা নাম-সংঘাত ও সাইবার স্কোয়াটিং প্রতিরোধে সহায়ক হয়েছে।

বিটিসিএল জানায়, আইটি উদ্যোক্তা, স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এই উদ্যোগের প্রতি বিস্তৃত আগ্রহ লক্ষ্য করা গেছে। আগ্রহীরা বিটিসিএলের ওয়েবসাইটে তালিকাভুক্ত স্বীকৃত রিসেলারদের মাধ্যমে সরাসরি ডোমেইন কিনতে পারবেন।

ডোমেইন ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিটিসিএল কিছু নির্দেশনা দিয়েছে। যথাযথ ডকুমেন্ট ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ডোমেইন নিবন্ধন করা যাবে না। বিদ্যমান ডোমেইন নামের বিপরীতে .bd ডোমেইন নিতে হলে মালিকানার প্রমাণসহ আবেদন জমা দিতে হবে।

সরকারি ওয়েবসাইটগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে .bd ডোমেইন নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। তবে gov, govt বা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ডোমেইন সাধারণভাবে গ্রহণযোগ্য নয়।

ডোমেইন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিটিসিএল ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে কাজ করবে। গ্রাহকরা info@btrc.gov.bd
 ঠিকানায় প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কমিটি প্রতি মাসে দুইবার সভা করে এসব আবেদন পর্যালোচনা করবে।

এছাড়া, অশ্লীল বা নীতিবিরুদ্ধ শব্দযুক্ত ডোমেইন গ্রহণযোগ্য নয়। ডোমেইন ও সাব-ডোমেইন পুনরায় বিক্রি বা লিজ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নীতিমালা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট ডোমেইন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে বিটিসিএল; এ ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ বা অর্থ ফেরত দেওয়া হবে না।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে এআই দক্ষতা বাড়াতে বড় উদ্যোগ যুক্তরাজ্য সরকারের

বিটিসিএল জানিয়েছে, এই উদ্যোগ দেশের ডোমেইন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও ব্যবহারবান্ধব করবে এবং দেশীয় উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীদের আন্তর্জাতিক পরিসরে জাতীয় পরিচয়সম্পন্ন সংক্ষিপ্ত ডোমেইন ব্যবহার করার সুযোগ বাড়াবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়