অনুবাদের সুবিধা যুক্ত করলো হোয়াটসঅ্যাপ
ফাইল ছবি
ভাষাগত ব্যবধান কমাতে নতুন একটি বিল্ট-ইন অনুবাদের সুবিধা চালু করেছে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিন্ন ভাষায় পাঠানো বার্তার অর্থ জানতে আর কোনো তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করবেন না। আন্তর্জাতিক যোগাযোগ, বৈশ্বিক ব্যবসায়িক কথোপকথন বা বিদেশে ভ্রমণের সময় ভাষার বাধা দূর করতে এই সুবিধা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে ধাপে ধাপে এই অনুবাদের সুবিধা চালু হচ্ছে। পরিচিত ইন্টারফেসের মধ্যেই অনুবাদ দেখানো হবে, তাই ব্যবহারকারীদের আলাদা কোনো সেটআপের প্রয়োজন হবে না। ফলে ভ্রমণকারী, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক পরিসরে কাজ করা পেশাজীবীদের জন্য এই ফিচার বিশেষভাবে সহায়ক।
অনুবাদ সুবিধা ব্যবহার করতে হলে প্রথমে নিশ্চিত করতে হবে, স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল আছে কি না। যেহেতু ফিচারটি পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে, তাই অ্যাপ স্টোর বা প্লে স্টোরে নিয়মিত হালনাগাদ পাওয়া যাচ্ছে কি না তা দেখে নিতে হবে। নির্দিষ্ট কোনো বার্তা অনুবাদ করতে চাইলে সংশ্লিষ্ট চ্যাট খুলে বার্তার ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর অ্যান্ড্রয়েডে তিন ডট মেনু বা আইওএসে কনটেক্সট মেনুতে গিয়ে ‘ট্রান্সলেট’ বা অনুবাদ অপশন নির্বাচন করতে হবে। সঙ্গে সঙ্গে মূল বার্তার নিচে অনুবাদ করা লেখা দেখা যাবে।
আরও পড়ুন: চীনে চালু হলো বিশ্বের প্রথম মানববিহীন সিমেন্ট উৎপাদন লাইন
বর্তমানে হোয়াটসঅ্যাপ একাধিক আন্তর্জাতিক ভাষা অনুবাদ করতে সক্ষম। যদিও অঞ্চলভেদে কিছুটা পার্থক্য থাকতে পারে। প্রাথমিকভাবে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, জার্মান, হিন্দিসহ বহুল ব্যবহৃত কয়েকটি ভাষা এই সুবিধার আওতায় এসেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজবাংলাদেশ.কম/এসবি








