News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৩, ৩০ জানুয়ারি ২০২৬

কর্মক্ষেত্রে এআই দক্ষতা বাড়াতে বড় উদ্যোগ যুক্তরাজ্য সরকারের

কর্মক্ষেত্রে এআই দক্ষতা বাড়াতে বড় উদ্যোগ যুক্তরাজ্য সরকারের

ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে কর্মীদের দক্ষ করে তুলতে বড় উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে একাধিক অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে, যার অনেকগুলোতে বিনামূল্যে অংশ নেওয়া যাচ্ছে।

সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এক কোটি কর্মীকে এআই প্রশিক্ষণের আওতায় আনা। এ উদ্যোগকে ১৯৭১ সালে ওপেন ইউনিভার্সিটি চালুর পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় দক্ষতা উন্নয়ন কর্মসূচি হিসেবে উল্লেখ করা হচ্ছে।

কোর্সগুলোতে এআই টুল ব্যবহারের মৌলিক কৌশল শেখানো হবে। এর মধ্যে রয়েছে—চ্যাটবটকে কার্যকরভাবে প্রশ্ন করা, প্রশাসনিক সহকারী হিসেবে এআই ব্যবহার, দ্রুত নোট লেখা, ইমেইলের খসড়া তৈরি এবং তথ্য সুশৃঙ্খলভাবে সাজানো।

এই প্রশিক্ষণ কর্মসূচি তৈরিতে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো যুক্ত রয়েছে। অ্যামাজন, গুগল ও মাইক্রোসফট এ উদ্যোগে সহায়তা করেছে। মোট ১৪টি কোর্স সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা ভার্চুয়াল ব্যাজ পাবেন।

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বলেন, মানুষের মধ্যে কর্মক্ষেত্রে এআই ব্যবহারে আত্মবিশ্বাস তৈরি করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, পরিবর্তন থামানো যাবে না; তবে পরিবর্তনের ফলাফল কেমন হবে, তা নির্ভর করে নীতিনির্ধারণের ওপর। ঝুঁকি কমিয়ে এআইয়ের সুফল সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।

তবে এ উদ্যোগ নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ (আইপিপিআর) বলছে, শুধু চ্যাটবট ব্যবহার শেখানো যথেষ্ট নয়। কর্মীদের বিশ্লেষণী চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও নেতৃত্বগুণ প্রয়োজন, পাশাপাশি এআই নিরাপদভাবে ব্যবহারের আত্মবিশ্বাসও থাকতে হবে।

সংস্থাটির গবেষক রোয়া পাওয়েল বলেন, এআই যুগের দক্ষতা ছোট টেকনিক্যাল কোর্সে সীমাবদ্ধ নয়; মানুষকে বিস্তৃত দক্ষতায় প্রস্তুত করা জরুরি।

ব্রিটিশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) উদ্যোগটিকে স্বাগত জানালেও বলেছে, দায়িত্ব শুধু কর্মীদের নয়। প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়েও প্রযুক্তি সম্পর্কে বোঝাপড়া বাড়াতে হবে। বোর্ড পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদেরও এআই বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।

আরও পড়ুন: ডিজিটাল ইনোভেশন এক্সপোতে শাওমি পণ্যে ৫০% পর্যন্ত মূল্যছাড়

কোর্সগুলোর সময়সীমা ভিন্ন ভিন্ন। কিছু কোর্স ২০ মিনিটের, আবার কিছু কয়েক ঘণ্টাব্যাপী। যুক্তরাজ্যের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক এসব কোর্সে অংশ নিতে পারবেন।

এ উদ্যোগে সহায়তার আশ্বাস দিয়েছে এনএইচএস, ব্রিটিশ চেম্বার্স অব কমার্স ও লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি বড় সংস্থা। তারা তাদের কর্মী ও সদস্যদের প্রশিক্ষণে অংশ নিতে উৎসাহ দেবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়