ইনস্টাগ্রাম-ফেসবুক-হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষায় মেটা
ছবি: সংগৃহীত
প্রযুক্তি জায়ান্ট মেটা ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষার পরিকল্পনা করছে। এই সাবস্ক্রিপশনের আওতায় ব্যবহারকারীরা পাবেন এক্সক্লুসিভ ফিচার, বাড়তি প্রোডাক্টিভিটি টুল, সৃজনশীল কাজের নতুন সুযোগ এবং উন্নত এআই সুবিধা।
মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মগুলোর মূল সেবা আগের মতোই বিনামূল্যে থাকবে। তবে প্রিমিয়াম বা সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য থাকবে বিশেষ নিয়ন্ত্রণ সুবিধা, কনটেন্ট শেয়ারিং ও সংযোগের ক্ষেত্রে অতিরিক্ত অপশন। একই ধরনের একটি সাবস্ক্রিপশনে আটকে না থেকে, বিভিন্ন ফিচার ও প্যাকেজ আলাদাভাবে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। প্রতিটি অ্যাপের সাবস্ক্রিপশন সুবিধাও হবে ভিন্ন।
মেটা আরও জানায়, তারা ‘ম্যানাস’ নামের একটি এআই এজেন্টকে বড় পরিসরে তাদের বিভিন্ন প্রোডাক্টে যুক্ত করতে চায়। সম্প্রতি প্রায় ২ বিলিয়ন ডলারে এই এআই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছে মেটা। ভবিষ্যতে এই এআই ফিচার শুধু সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা সাবস্ক্রিপশন হিসেবেও বাজারজাত করা হবে।
ইতোমধ্যে ইনস্টাগ্রামে ‘ম্যানাস’-এর শর্টকাট যুক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এআই ভিডিও নিয়েও নতুন পরিকল্পনার কথা জানিয়েছে মেটা। ‘ভাইভস’ নামের এআই ভিডিও ফিচারটি এতদিন বিনামূল্যে ব্যবহার করা গেলেও, এবার সেখানে ফ্রিমিয়াম মডেল চালু করা হচ্ছে। নির্দিষ্ট সংখ্যক ভিডিও মাসে ফ্রি তৈরি করা যাবে, এর বেশি করতে চাইলে সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।
হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের পেইড ফিচারগুলো কী ধরনের হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ইনস্টাগ্রামের সম্ভাব্য কিছু ফিচারের তথ্য সামনে এসেছে। এর মধ্যে রয়েছে- আনলিমিটেড অডিয়েন্স লিস্ট তৈরি, কে আপনাকে ফলো করে না তার তালিকা দেখা এবং স্টোরি দেখলেও যেন পোস্টদাতা তা বুঝতে না পারেন এমন অপশন।
এই নতুন সাবস্ক্রিপশন সেবা ‘মেটা ভেরিফায়েড’ থেকে আলাদা হবে। মেটা ভেরিফায়েড মূলত ক্রিয়েটর ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, যেখানে ভেরিফায়েড ব্যাজ, সাপোর্ট ও নিরাপত্তা সুবিধা দেওয়া হয়। নতুন সাবস্ক্রিপশন সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন: কিশোরদের জন্য এআই চরিত্র ব্যবহার বন্ধ করছে মেটা
বিশেষজ্ঞরা বলছেন, এই অতিরিক্ত সাবস্ক্রিপশন মেটার আয়ের নতুন পথ খুলে দেবে। তবে একই সঙ্গে ব্যবহারকারীদের মধ্যে ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। বর্তমানে বিভিন্ন ডিজিটাল সেবায় মাসিক খরচ বাড়ছে। তাই ব্যবহারকারীদের আকৃষ্ট করতে মেটাকে দিতে হবে শক্তিশালী ও বাস্তবসম্মত অফার।
উল্লেখ্য, স্ন্যাপচ্যাট ইতোমধ্যে এই বাজারে সাফল্য দেখিয়েছে। তাদের ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রিপশনের গ্রাহক সংখ্যা বর্তমানে ১ কোটি ৬০ লাখের বেশি।
মেটা জানিয়েছে, ধাপে ধাপে নতুন এই সাবস্ক্রিপশন চালু করা হবে এবং ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সেবাগুলো আরও উন্নত করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








