News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:৫২, ১৬ ডিসেম্বর ২০২৫

চালকবিহীন রোবোট্যাক্সি পরীক্ষা শুরু করল টেসলা

চালকবিহীন রোবোট্যাক্সি পরীক্ষা শুরু করল টেসলা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা চালকবিহীন রোবোট্যাক্সির পরীক্ষা শুরু করেছে। পরীক্ষায় গাড়ির ভেতরে কোনো মানুষ বা নিরাপত্তা পর্যবেক্ষক রাখা হয়নি। টেসলার লক্ষ্য, ২০২৬ সালের মধ্যে বাণিজ্যিকভাবে স্বচালিত ট্যাক্সি সেবা চালু করা।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, গাড়িতে কোনো যাত্রী বা পর্যবেক্ষক ছাড়াই পরীক্ষা সম্পন্ন হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টেসলা মডেল ওয়াই গাড়ি অস্টিনের ব্যস্ত সড়কে স্বাধীনভাবে চলাচল করছে। এই খবরের প্রভাবে টেসলার শেয়ারের দাম একদিনে প্রায় ৫ শতাংশ বেড়ে যায়।

এর আগে জুনে টেসলা সীমিত পরিসরে রোবোট্যাক্সি সেবা চালু করেছিল, যেখানে গাড়ির যাত্রী আসনে একজন নিরাপত্তা পর্যবেক্ষক থাকতেন। বর্তমানে অস্টিন শহরের বড় অংশে এই সেবা বিস্তৃত হলেও গাড়ির সংখ্যা সীমিত- প্রায় ২৫ থেকে ৩০টি গাড়ি পরীক্ষামূলকভাবে চলছে।

টেসলার এই অগ্রগতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের রোবোট্যাক্সি ডিভিশন ‘ওয়েমো’-র সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় ফেলেছে। ওয়েমো যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতি সপ্তাহে প্রায় সাড়ে চার লাখ পেইড রাইড পরিচালনা করছে এবং কোটি কোটি মাইল স্বচালিতভাবে গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে।

নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, জুনের পর থেকে অস্টিনে টেসলার রোবোট্যাক্সি পরীক্ষায় অন্তত সাতটি দুর্ঘটনা ঘটেছে। তখন গাড়িতে নিরাপত্তা পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। গড়ে প্রতি ৬২ হাজার মাইলে একটি দুর্ঘটনা ঘটেছে, যা সাধারণ চালকের তুলনায় বেশি।

আরও পড়ুন: নকিয়ার সঙ্গে বিপিসিএস কনসোর্টিয়াম সদস্যদের এসএলটিই চুক্তি স্বাক্ষর

ভবিষ্যতে টেসলার ব্যবসার বড় অংশই স্বচালিত প্রযুক্তির ওপর নির্ভর করবে। প্রতিষ্ঠান ২০২৬ সালের এপ্রিল থেকে নতুন ‘সাইবারক্যাব’ গাড়ি উৎপাদনের পরিকল্পনা করেছে, যেখানে স্টিয়ারিং ও প্যাডেল থাকবে না। তবে ইলন মাস্ক স্বীকার করেছেন, এই সেবা চালু করতে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন, কারণ একটি দুর্ঘটনাও বিশ্বজুড়ে বড় খবর হয়ে উঠতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়