নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব
ফাইল ছবি
শখের বশে কিংবা অনলাইনে আয়ের উদ্দেশ্যে অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। তবে দীর্ঘদিন ভালো মানের ভিডিও প্রকাশ করলেও আকর্ষণীয় শিরোনাম ও থাম্বনেইলের অভাবে অনেক ভিডিওই প্রত্যাশিত দর্শকসংখ্যা পায় না। এই সমস্যা সমাধানে এক ভিডিওতে একাধিক ভিন্ন শিরোনাম ও থাম্বনেইল যুক্ত করার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব।
ইতোমধ্যে নির্দিষ্ট কিছু ভিডিও নির্মাতার জন্য পরীক্ষামূলকভাবে এই সুবিধা উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
ইউটিউব স্টুডিওতে আগে থেকেই বিভিন্ন থাম্বনেইল তুলনা করার সুযোগ থাকলেও নতুন এই ফিচার চালু হলে নির্মাতারা একই ভিডিওতে সর্বোচ্চ তিনটি ভিন্ন শিরোনাম ও থাম্বনেইল যুক্ত করে আপলোড করতে পারবেন। ইউটিউব এসব শিরোনাম ও থাম্বনেইল সর্বোচ্চ দুই সপ্তাহ ধরে দর্শকদের সামনে প্রদর্শন করবে।
এই সময়ের মধ্যে যে শিরোনাম ও থাম্বনেইল সবচেয়ে বেশি দর্শকের আগ্রহ সৃষ্টি করবে, সেটিই স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির চূড়ান্ত শিরোনাম ও থাম্বনেইল হিসেবে নির্বাচিত হবে। তবে কোনো শিরোনাম উল্লেখযোগ্য জনপ্রিয়তা না পেলে নির্মাতার দেওয়া প্রথম শিরোনামটি স্থায়ীভাবে প্রদর্শিত হবে। চাইলে নির্মাতারা নিজে থেকেও পছন্দের শিরোনাম নির্বাচন করতে পারবেন।
প্রাথমিকভাবে এই সুবিধা শুধু ইউটিউবের ডেস্কটপ সংস্করণে ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে পাবলিক স্টোরি এখন ট্যাগ ছাড়াই রিশেয়ার করা যাবে
বিশেষজ্ঞদের মতে, এই ফিচার চালু হলে ইউটিউবে মানসম্মত কনটেন্ট নির্মাতাদের ভিডিওর বিষয়বস্তু দর্শকদের কাছে আরও স্পষ্টভাবে উপস্থাপিত হবে। ফলে ভিডিওগুলোর দর্শকসংখ্যা ও সম্পৃক্ততা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: দ্য ভার্জ
নিউজবাংলাদেশ.কম/এসবি








