থালাপতি বিজয়কে সিবিআইয়ের তলব
থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়কে আগামী সোমবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে গত ২৭ সেপ্টেম্বর, যখন তামিলনাড়ুর কারুরে এলাকায় তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)–এর প্রথম বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে সেখানে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ ও আয়োজকরা।
সমাবেশে ভিড়ের চাপে মর্মান্তিক পদপিষ্টে ৪১ জনের মৃত্যু হয়, যার মধ্যে নারী ও শিশুও রয়েছেন, এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন। ঘটনার নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় গত অক্টোবর মাসে ভারতের সুপ্রিম কোর্ট বিষয়টি নজরে নেয়।
সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব CBI-কে দেওয়া হয়, এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন দুজন দক্ষ IPS কর্মকর্তা।
আরও পড়ুন: মডেলিং আমার কাছে পেশা: রাজ ম্যানিয়া
রাজনৈতিক ময়দানে পা রাখার শুরুতেই এই আইনি জটিলতা থালাপতি বিজয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিবিআই মূলত তদন্ত করতে চাইছে যে দিনের আয়োজনে কী কী ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায় কতটুকু। আগামী সোমবার নিজেই কেন্দ্রীয় তদন্ত সংস্থার সামনে উপস্থিত হয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন এই তারকা অভিনেতা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








