News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৩, ২৩ জানুয়ারি ২০২৬

অস্কারের চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল ‘হোমবাউন্ড’

অস্কারের চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল ‘হোমবাউন্ড’

ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশকে ঘিরে নেটিজেনদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। বিশেষ করে নীরজ ঘাওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ সিনেমাটি নিয়ে বড় প্রত্যাশা ছিল ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে সেই স্বপ্ন।

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের চূড়ান্ত লড়াই থেকে ছিটকে গেছে বহুল আলোচিত ‘হোমবাউন্ড’। কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়াচ্ছিল। কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসেসিও সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন।

বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হওয়ায় ভারতীয়দের আশা ছিল, দীর্ঘ কয়েক দশকের অস্কার খরা এবার কাটতে পারে। গত বছর ছবিটির প্রযোজক করণ জোহরও আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকা ১৫টি ছবির মধ্যে ‘হোমবাউন্ড’ শক্ত অবস্থানে রয়েছে। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয় সিনেমাটি।

একাডেমির প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে, ভারতের কোনো সিনেমাই স্থান পায়নি। বরং তালিকায় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার ‘বেলেন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জার্মানির ‘সাউন্ড অফ ফলিং’, ইরাকের ‘দ্য প্রেসিডেন্ট’স কেক’, জাপানের ‘কোকুহো’ এবং দক্ষিণ কোরিয়ার ‘নো আদার চয়েস’। এ ছাড়া ফিলিস্তিনের ‘প্যালেস্টাইন ৩৬’ ও তাইওয়ানের ‘লেফট-হ্যান্ডেড গার্ল’ও স্থান পেয়েছে চূড়ান্ত তালিকায়।

আরও পড়ুন: কিংবদন্তি অভিনেতা জাভেদ মারা গেছেন

আন্তর্জাতিক সমালোচকদের মতে, এবার প্রতিযোগিতা ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। ‘হোমবাউন্ড’ বাদ পড়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ছবিটির পরিচালক, কলাকুশলী ও ভক্তরা। আরও একবার আন্তর্জাতিক মঞ্চে বঞ্চিত হওয়ার আক্ষেপে পুড়ছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়