News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৭, ২১ জানুয়ারি ২০২৬

কিংবদন্তি অভিনেতা জাভেদ মারা গেছেন

কিংবদন্তি অভিনেতা জাভেদ মারা গেছেন

ইলিয়াস জাভেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য, চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ আর নেই। 

বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, হঠাৎ করে ইলিয়াস জাভেদ ভাইয়ের অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সবাই তার জন্য দোয়া করবেন।

জানা গেছে, ইলিয়াস জাভেদ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে ঘরবন্দি ছিলেন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং এর আগে ব্রেইন স্ট্রোকও সহ্য করেছিলেন। ২০২০ সালের এপ্রিল মাসে মূত্রনালির জটিলতায় অস্ত্রোপচার করা হয়েছিল। গত বছরের এপ্রিলেও গুরুতর অসুস্থ হয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করা জাভেদ পরবর্তীতে চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করেন। সত্তর ও আশির দশকে পোশাকি সিনেমার নায়ক হিসেবে তিনি নির্মাতাদের চাহিদার শীর্ষে ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে: মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহারাম বাদশা ইত্যাদি।

আরও পড়ুন: গোপন বাগদান ও বিয়ের গুঞ্জন, মুখ খুললেন রাশমিকা মন্দানা

জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা ছিল ‘মা বাবা সন্তান’, এরপর শারীরিক অসুস্থতার কারণে আর কখনো ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়