News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ২১ জানুয়ারি ২০২৬

গোপন বাগদান ও বিয়ের গুঞ্জন, মুখ খুললেন রাশমিকা মন্দানা

গোপন বাগদান ও বিয়ের গুঞ্জন, মুখ খুললেন রাশমিকা মন্দানা

রাশমিকা ওবিজয়। ছবি: সংগৃহীত

রাশমিকা মন্দানার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে দীর্ঘদিন ধরেই আলোচনায় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। পর্দার রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও এই জুটি দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। সম্প্রতি গোপনে বাগদান সেরেছেন বলে এমন খবর ছড়িয়ে পড়তেই তারা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ব্যক্তিগত পরিসরে আংটি বদল করেছেন বিজয় ও রাশমিকা। এর পর থেকেই তাদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

গুঞ্জন অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এই প্রেক্ষাপটে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাশমিকা মন্দানা।

এক আলাপচারিতায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে আসন্ন বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাশমিকা বলেন, গত চার বছর ধরেই এ ধরনের গুঞ্জন চলছে এবং মানুষ একই প্রশ্ন বারবার করে যাচ্ছে। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ অভিনেত্রী।

রাশমিকার বলেন, এই গুঞ্জন তো চার বছর ধরেই চলছে। মানুষ একই প্রশ্ন বারবার করছে এবং সুখবরের অপেক্ষায় আছে। তবে সত্যি কথা বলার সময় এলে তবেই আমি এ বিষয়ে কথা বলব।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে তাদের বিয়ের আয়োজন হতে পারে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, ওই দিনই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।

সূত্রের দাবি অনুযায়ী, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে ঘরোয়া পরিসরে, যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতি থাকবে।

তবে গুঞ্জনের মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা স্পষ্ট করেন, তিনি এখনই বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না। অভিনেত্রী বলেন, আমি বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। যখন বলার সময় আসবে, তখনই বলা হবে।

আরও পড়ুন: নারী পরিচালকের কারণেই ‘শাস্তি’তে রাজি পরীমণি

উল্লেখ্য, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে আংটি দেখা গেলেও এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। যদিও আংটি আড়ালও করেননি দু’জন। পাপারাজ্জিদের চোখ এড়িয়ে যাওয়া সম্ভব না হওয়ায় বিষয়টি নিয়ে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। এখন তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ভক্তরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়