News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৪, ৪ জানুয়ারি ২০২৬

কলকাতার নায়িকা আউট-বন্ধ শুটিং, শাকিবের প্রিন্স নিয়ে জটিলতা

কলকাতার নায়িকা আউট-বন্ধ শুটিং, শাকিবের প্রিন্স নিয়ে জটিলতা

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স’ নিয়ে তৈরি হওয়া সব অনিশ্চয়তা ও গুঞ্জন অবশেষে কেটে গেছে। সিনেমার শুটিং বন্ধ হওয়া কিংবা মুক্তি পিছিয়ে যাওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। নির্ধারিত সময়েই অর্থাৎ আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) থেকে সিনেমার নতুন ধাপের শুটিং শুরু হতে যাচ্ছে।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছিল যে, নায়িকা সংকটের কারণে ‘প্রিন্স’ সিনেমার কাজ থমকে গেছে। সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকার থাকার কথা। এদের মধ্যে তাসনিয়া ফারিণ আগে থেকেই চূড়ান্ত থাকলেও দ্বিতীয় নায়িকা হিসেবে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা যাচ্ছিল। তবে জ্যোতির্ময়ী এই খবরকে ‘গুজব’ বলে নাকচ করে দেওয়ায় তৈরি হয় বিপত্তি।

এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরের নাম। গত ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা রসায়ন দর্শকমহলে দারুণ প্রশংসিত হওয়ায় ভক্তদের একটি বড় অংশ তাকেই এই প্রজেক্টে দেখার দাবি তুলছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে কলকাতার কোনো নায়িকার পরিবর্তে সাবিলা নূরকেই সিনেমাটিতে যুক্ত করা হতে পারে।

আরও পড়ুন: আর ব্যবহার হবো না কারও ভনিতার জন্য: ভাবনা

ভিসা জটিলতা ও শুটিং পিছিয়ে যাওয়া নিয়ে দর্শকদের মাঝে সৃষ্ট হতাশা দূর করতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। 

বিবৃতিতে জানানো হয়, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে যে গুঞ্জন ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। টিম শুরু থেকেই আপডেট দিয়ে আসছে এবং সব ধরণের প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী ৬ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে এবং সুবিধামতো সময়ে সিনেমার ফার্স্টলুক ও পোস্টার প্রকাশ করা হবে।

একই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ।

‘প্রিন্স’ সিনেমাটি নির্মিত হচ্ছে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে। ক্রাইম, অ্যাকশন, লাভ আর ইমোশনের মিশেলে তৈরি এই সিনেমার প্রথম পোস্টার গত বছরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রযোজনা প্রতিষ্ঠানের লক্ষ্য, আগামী ঈদুল ফিতরেই বড় পর্দায় শাকিব খানকে ‘প্রিন্স’ অবতারে দর্শকদের সামনে হাজির করা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়