নাগরিক অভিযোগে ঢাকা-১৩ আসনে অটোরিকশাবিরোধী সাঁড়াশি অভিযান
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর ও শিয়া মসজিদসহ ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় তীব্র যানজট নিরসন এবং ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার অবাধ চলাচল বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের সুনির্দিষ্ট নির্দেশনায় সোমবার (৩১ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ এবং সম্প্রতি অনুষ্ঠিত এক টাউন হল সভার তাৎক্ষণিক ফলোআপ হিসেবে এই পদক্ষপ নেওয়া হলো বলে প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত শনিবার ঢাকা-১৩ আসনের উদ্যোগে আয়োজিত এক জনাকীর্ণ টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বেহাল ট্রাফিক ব্যবস্থা, তীব্র যানজট এবং লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে চরম জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত কীভাবে বিঘ্নিত হচ্ছে, তা সবিস্তারে উপস্থাপন করা হয় সেখানে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাৎক্ষণিকভাবে ট্রাফিক বিভাগ, স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, টাউন হল সভা কেবল মানুষের অভিযোগ শোনার আনুষ্ঠানিকতা নয়; বরং নাগরিকদের সুনির্দিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত ও কার্যকর সমাধান দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। জনগণ যে জনদুর্ভোগের কথা বলেছেন, তা নিরসনে আমরা এক মুহূর্তও বিলম্ব করিনি।
প্রতিমন্ত্রীর নির্দেশের ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) সকালে মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর ও শিয়া মসজিদ এলাকায় একযোগে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। অভিযানে প্রধান সড়ক ও অলিগলিতে অবৈধভাবে চলাচলকারী বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা আটক ও উচ্ছেদ করা হয়।
আরও পড়ুন: পদ্মা সেতুর ঢালে বাস উল্টে শিশুসহ আহত ৮
শুধু যান চলাচল নিয়ন্ত্রণ নয়, বরং অটোরিকশার এই বিস্তার রোধে এর মূল উৎসগুলোর ওপর আঘাত হেনেছে প্রশাসন। অভিযানে বিভিন্ন গ্যারেজ ও আবাসিক স্থাপনায় অবৈধ উপায়ে বিদ্যুৎ চুরি করে ব্যাটারি চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত ভারী সরঞ্জাম, ট্রান্সফরমার, মিটার এবং অবৈধ বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, অপরিকল্পিত ও অবৈধ এই চার্জিং পয়েন্টগুলো যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছিল, তেমনি বিদ্যুৎ ব্যবস্থার ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি করছিল।
হঠাৎ এই জোরালো অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশার হর্ন, বেপরোয়া গতি এবং অলিগলিতে যানজটের কারণে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। টাউন হল সভায় অভিযোগ করার মাত্র কয়েক দিনের মধ্যে এমন দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরও জানান, ঢাকা-১৩ আসনের মানুষের স্বাভাবিক, নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।
তিনি বলেন, নাগরিকদের প্রতিটি অভিযোগ এবং মূল্যবান পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা-১৩ এলাকাকে একটি জনবান্ধব, সুশৃঙ্খল ও বসবাসযোগ্য আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল সেবামূলক সংস্থার মধ্যকার পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা হবে।
বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এবং দীর্ঘমেয়াদি সুফল পেতে স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করে এ ধরনের টাউন হল ভিত্তিক উদ্যোগ এবং তৎপরতা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








