News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪১, ১৪ এপ্রিল ২০২৬

ঢাকায় ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, মা-ভাইসহ আহত ৩

ঢাকায় ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, মা-ভাইসহ আহত ৩

ছবি: সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলা ভাঙা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দিয়া মনি নবনী (২০) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), বোন জয়া (১২) ও ভাই মোয়াজ (১৫) গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ভাঙা প্রেস এলাকার সামাদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে আহতদের উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবু মুসা (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দিয়া মনি নবনী বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা গাড়িচালক বিল্লাল হোসেন জানান, রাতের ওই সময়ে বাড়ির নির্মাণকাজের ঠিকাদার আবু মুসা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় তিনিও আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং হামলাকারীকে আটক করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে নুসরাত জাহান মৌসুমীর সঙ্গে আবু মুসার বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে উত্তেজিত হয়ে তিনি হামলা চালান। এতে ঘটনাস্থলেই দিয়া মনি নবনী নিহত এবং অন্যরা গুরুতর আহত হন।

ঘটনার সময় পরিবারের কর্তা নবু উল্লাহ বাসায় ছিলেন না; অসুস্থ ছোট সন্তানকে নিয়ে তিনি হাসপাতালে ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজধানীতে নববর্ষ উপলক্ষে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং হামলাকারী পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়