News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০০, ১৩ এপ্রিল ২০২৬

নববর্ষে রাজধানীতে যান চলাচলে ১৪ পয়েন্টে ডাইভারশন জারি

নববর্ষে রাজধানীতে যান চলাচলে ১৪ পয়েন্টে ডাইভারশন জারি

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ (পহেলা বৈশাখ) উদ্‌যাপন উপলক্ষ্যে রাজধানী ঢাকার সার্বিক নিরাপত্তা ও যানজট নিরসনে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্ষবরণের মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ আশপাশের সড়কগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আগামী ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে শুরু হওয়া এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে রমনা বটমূলে স্থাপিত ডিএমপির অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সংবাদ সম্মেলন শেষে তিনি অনুষ্ঠানস্থলের নিরাপত্তা মহড়া পরিদর্শন করেন।

ডিএমপি সূত্র জানায়, উৎসব কেন্দ্রিক জনসমাগম বিবেচনায় রাজধানীর অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন ডাইভারশন বা ব্যারিকেড বসানো হবে। এর মধ্যে রয়েছে বাংলামোটর ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট (পশ্চিম) ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, রমনা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং এবং কাঁটাবন ক্রসিং।

নির্দেশনায় বলা হয়েছে, মিরপুর ও ফার্মগেট দিক থেকে শাহবাগগামী যানবাহন বাংলামোটর হয়ে মগবাজার রুট বা হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে মিন্টো রোড দিয়ে চলাচল করতে পারবে। অন্যদিকে গোলাপশাহ মাজার ও হাইকোর্ট এলাকার যানবাহন কদম ফোয়ারা–ইউবিএল–নাইটিংগেল রুট ব্যবহার করে গন্তব্যে যাবে। সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যানবাহনের জন্য মিরপুর রোড হয়ে আজিমপুর–চাঁনখারপুল–বকশীবাজার রুট এবং বিকল্প হিসেবে বাটা সিগন্যাল–কাঁটাবন–হাতিরপুল–নীলক্ষেত–পলাশী রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাহাড়ে ফুল ভাসিয়ে বৈসাবির বর্ণিল সূচনা

বর্ষবরণ কেন্দ্রিক প্রধান অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি নির্ধারিত কিছু স্থানে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত রাস্তার একপাশ, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনের জন্য), কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত পশ্চিম পাশের অংশ এবং আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোডের নির্ধারিত অংশ।

উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টিম, নৌ-পুলিশের ডুবুরি দল এবং সিটি কর্পোরেশনের মোবাইল টয়লেটসহ বিভিন্ন জরুরি সেবা মোতায়েন থাকবে। পাশাপাশি পর্যটকদের সহায়তায় টুরিস্ট পুলিশ সেবা কেন্দ্রও স্থাপন করা হবে।

ডিএমপি জানিয়েছে, যেকোনো সন্দেহজনক বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে নাগরিকদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা ডিএমপি কন্ট্রোলরুমের ০১৩২০০৩৭৮৪৫ ও ০১৩২০০৩৭৮৪৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানস্থলে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমেও সহায়তা পাওয়া যাবে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, বাঙালি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এ কারণে নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে নগরবাসী নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন করতে পারেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়