News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪০, ১৪ জানুয়ারি ২০২৬

বাড্ডায় নাহিদ ইসলামের কার্যালয়ে গুলি ও ভাঙচুর

বাড্ডায় নাহিদ ইসলামের কার্যালয়ে গুলি ও ভাঙচুর

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কার্যালয় লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এই হামলার ঘটনা ঘটে। এতে দলটির কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড্ডা এলাকার ৩৮নং ওয়ার্ডে অবস্থিত এনসিপির একটি সাংগঠনিক কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। তবে কে বা কারা এই হামলার সাথে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীরা কেবল গুলিই চালায়নি, বরং কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুরও চালিয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক তথা নির্বাচনী অফিস হিসেবে ব্যবহৃত হতো। হামলার সময় দুর্বৃত্তরা অফিসে থাকা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং আহ্বায়কের ছবি ভাঙচুর করে।

আরও পড়ুন: রাজধানীতে নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

ঘটনার বিষয়ে মাহাবুব আলম বলেন, বুধবার সকালে আমাদের ৩৮নং ওয়ার্ডের সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। কে বা কারা এই কাজ করেছে আমরা এখনো জানি না। হামলার সময় অফিসের আসবাবপত্রসহ আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

ঘটনার পর পরই স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। 
পুলিশ জানিয়েছে, কারা এই হামলার পেছনে রয়েছে এবং গুলির প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়