News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০২, ১০ জানুয়ারি ২০২৬

 শীত কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

 শীত কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

সারাদেশের ১৯টি জেলায় বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে দুই স্থানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও সোমবার থেকে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এসব তথ্য জানান।

তিনি বলেন, “আজ ও আগামীকাল দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে, যা আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়লেও শৈত্যপ্রবাহ পুরোপুরি কাটবে না।”

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই দুই বিভাগের মোট ১৬টি জেলা এর আওতায় রয়েছে। পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া- এই তিন জেলাতেও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সব মিলিয়ে শৈত্যপ্রবাহ আক্রান্ত জেলার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি।

এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর আগে শুক্রবার দেশের ২০টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। বৃহস্পতিবার ছিল আরও বিস্তৃত সেদিন দেশের ২৪টি জেলায় শৈত্যপ্রবাহের প্রভাব দেখা যায়। ওই দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়