News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ৮ জানুয়ারি ২০২৬

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

এ সময় বিস্ফোরণের প্রচণ্ড শক্তিতে একটি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং আরও অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত সোহান বেপারী বিলাসপুর ইউনিয়নের পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি (মতান্তরে চেরাগ আলী বেপারি কান্দি) এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শীর বিবরণ স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে মুলাই ব্যাপারীর কান্দি গ্রামের সাগর বেপারীর বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, টিনের ঘরটির দেয়াল ও চালা উড়ে গিয়ে ঘরটি তছনছ হয়ে যায়। শব্দ শুনে গ্রামবাসী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে ঘর থেকে কিছু দূরে একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ দ্রুত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের শরীরে বিস্ফোরণের স্পষ্ট জখম ছিল। এছাড়া এই ঘটনায় আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন: রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজনৈতিক অস্থিরতা ও আধিপত্য বিস্তার এলাকাবাসীর তথ্যমতে, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারি এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শনিবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটছিল। এই আধিপত্য বিস্তারের জের ধরেই উভয় পক্ষ ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করছিল বলে ধারণা করা হচ্ছে। এলাকাটি আগে থেকেই পুলিশের কড়া নজরদারিতে ছিল।

পুলিশের বক্তব্য ও আলামত জব্দ জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিধ্বস্ত ঘরটির ভেতর থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

পুলিশের প্রাথমিক ধারণা, ঘরে বসে ককটেল তৈরির সময় অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটেছে অথবা ঘরে সংরক্ষিত বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়