রায়েরবাজারে কিশোর গ্যাং নির্মূলে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৯
ছবি: সংগৃহীত
রাজধানীর রায়েরবাজার এলাকার ‘ক্যান্সার গলি’তে কিশোর গ্যাংয়ের সন্ত্রাস দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা একটি সমাবেশের আয়োজন করেন। সমাবেশ চলাকালীন একটি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা অতর্কিতভাবে ধারালো অস্ত্র প্রদর্শন করে সেখানে উপস্থিতদের ওপর হামলার চেষ্টা চালায়। এই উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর হটলাইন নম্বরে কল করে সহায়তা চান।
খবর পাওয়ার পরপরই বসিলা আর্মি ক্যাম্প থেকে ৪টি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে বুধবার ভোর ৩টা পর্যন্ত ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে ১৫টি বড় ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
অভিযানে আটককৃত ৯ জন দুষ্কৃতকারী হলো মারুফ (১৯), মো. সানি (১৮), মো. আলাল (১৯), মো. রিফাত (২০), মো. সজিব (১৯), মো. রানা (১৯), মো. সাব্বির (১৮), মো. নাজমুল হাসান (১৯) এবং ওয়াসিম (২২)।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের উদ্ধারকৃত অস্ত্রসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। স্থানীয় ব্যবসায়ীরা এই কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও জানা গেছে।
অভিযান সংশ্লিষ্ট ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, অভিযান চলাকালীন স্থানীয় জনগণ সেনাবাহিনীকে সার্বক্ষণিকভাবে তথ্য দিয়ে সহায়তা করেছেন। সেনাবাহিনীর এই দ্রুত এবং সময়োপযোগী পদক্ষেপের ফলে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রায়েরবাজারের বাসিন্দারা। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








