News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১২, ২ জানুয়ারি ২০২৬

আবারও শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ

আবারও শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ

ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নেন তারা। এ সময় শাহবাগ দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদীর সৈনিকেরা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে শাহবাগ এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় আধিপত্যবাদ চলছে, যার কারণে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ খাটাইতে চায়, আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলব না? আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়ে দিব? না, দিব না। আমাদের এই লড়াইটা কেবলমাত্র শুরু।

ওসমান হাদীকে এই আন্দোলনের পথপ্রদর্শক উল্লেখ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি আমাদের এই লড়াইয়ের পথটা দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই অনুযায়ী সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

এ সময় তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। 

তিনি জানান, সরকার আগামী ৭ জানুয়ারি অভিযোগপত্র দেওয়ার কথা বললেও শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।

একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব।

এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাহবাগে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। 

সংগঠনটির নেতাদের দাবি, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শহীদ শরীফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

এর আগেও ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুই দফায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে গত ২৮ ডিসেম্বর রাত ১০টায় চার দফা দাবি পেশ করেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

চার দফা দাবিগুলো হলো—
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি-চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগসহ রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়