বছরের প্রথম সকালে পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে প্রাণহানি ৪
ছবি: সংগৃহীত
বছরের প্রথম সকালেই রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ট্রাক বাজারের ভেতর উল্টে গেলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার ঝলমলিয়া (বানেশ্বর) কলাহাটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নাটোর অভিমুখী একটি বালুবাহী ট্রাক ঝলমলিয়া কলাহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাজারের ভেতর উল্টে যায়। এ সময় হাটে আসা লোকজন ট্রাকের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন ১. নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার শাহীনের ছেলে সিয়াম (১৫), ২. নাটোর সদরের পাইকপাড়ার আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের প্রামাণিক (৩৫), ৩. নাটোর বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০), ৪. রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় আহত ৯
আহতদের মধ্যে পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের রায়হান আলীসহ (৪০) আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দুর্ঘটনার পর ঝলমলিয়া বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








