News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ২ মার্চ ২০২৬

ইরান সংকটে তেলের দাম লাফ, চাপে বৈশ্বিক শেয়ারবাজার

ইরান সংকটে তেলের দাম লাফ, চাপে বৈশ্বিক শেয়ারবাজার

ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

সংঘাতের জেরে সরবরাহ সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়েছে। একই সঙ্গে এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে বিনিয়োগকারীরা তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা ও সম্ভাব্য মজুত সংকটের কারণে দাম দ্রুত বাড়তে শুরু করেছে।

সোমবার এশীয় লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড-এর দাম একদিনের ব্যবধানে প্রায় ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এশিয়ার স্থানীয় সময় দুপুর পর্যন্ত ব্যারেলপ্রতি দাম দাঁড়ায় ৭৬ দশমিক ৪৮ ডলারে। আন্তর্জাতিক অন্যান্য বেঞ্চমার্কেও প্রায় ৫ শতাংশ মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

জ্বালানি বাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়ে শেয়ারবাজারেও। এশিয়ার প্রধান সূচকগুলো সপ্তাহের শুরুতে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু করে। হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ এবং নিক্কেই ২২৫ প্রায় দেড় শতাংশ কমে যায়।

যুক্তরাষ্ট্রে ফিউচার লেনদেনে এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তিনির্ভর নাসদাক কম্পোজিট—উভয় সূচকই প্রায় ০ দশমিক ৭ শতাংশ নিম্নমুখী ছিল।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ৩০২ কোটি ডলার

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হলে জ্বালানি বাজারে অস্থিরতা দীর্ঘায়িত হতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়