News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৮, ৬ জানুয়ারি ২০২৬

ভারত থেকে ১৪৬১ কোটি টাকার ডিজেল আমদানির অনুমোদন

ভারত থেকে ১৪৬১ কোটি টাকার ডিজেল আমদানির অনুমোদন

ফাইল ছবি

ভারত থেকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য এই জ্বালানি তেল আমদানি করা হবে। এতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে ডিজেল আমদানির এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।

ক্রয় প্রক্রিয়া ও মূল্য নির্ধারণ বৈঠক সূত্রে জানা গেছে, ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) সঙ্গে নেগোসিয়েশনের ভিত্তিতে এই তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। আমদানিতব্য প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ৫.৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইস ৮৩.২২ মার্কিন ডলার ধরা হয়েছে। আমদানিকৃত এই ডিজেলে সালফারের পরিমাণ থাকবে মাত্র ০.০০৫ শতাংশ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব বাজেট ও ব্যাংক ঋণের মাধ্যমে এই বিশাল অঙ্কের অর্থের সংস্থান করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন: সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো সরকার

সরবরাহ রুট ও পূর্ব ইতিহাস ভারতের শিলিগুড়িস্থ মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ (আইবিএফপিএল)-এর মাধ্যমে এই ডিজেল দেশে আসবে। এর আগে ২০১৬ সাল থেকে এনআরএল থেকে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আমদানি করা হলেও, ২০২৩ সালের ১৮ মার্চ এই পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে আধুনিক ও দ্রুততর এই মাধ্যমটি ব্যবহার করা হচ্ছে। ২০২৬ সালের জন্য পরিশোধিত এই জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন গত বছরের (২০২৫) ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভায় আগেই দেওয়া হয়েছিল।

পুরনো চুক্তির ধারাবাহিকতা বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, নুমালীগড় থেকে ডিজেল আমদানির এই চুক্তিটি মূলত ১৫ বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী চুক্তি। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার নতুন করে কোনো চুক্তি করেনি, বরং পূর্বের করা চুক্তির ধারাবাহিকতায় এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই সরবরাহ প্রক্রিয়া অব্যাহত রাখা হচ্ছে।

উল্লেখ্য, এদিনের বৈঠকে ডিজেল ছাড়াও জনস্বার্থে মসুর ডাল, সার, সয়াবিন তেল এবং অপরিশোধিত জ্বালানি তেল আমদানির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়