সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো সরকার
ফাইল ছবি
নতুন বছরের প্রথম দিন থেকেই দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের ধারাবাহিকতায় এই সমন্বয় করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন দর ঘোষণা করা হয়, যা আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস-বৃদ্ধির সঙ্গে দেশের বাজারে ভোক্তা পর্যায়ে মূল্যের সামঞ্জস্য বিধানের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলা ব্যবহার করা হয়েছে। জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। এর আগে গত মাসে প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২ টাকা বৃদ্ধি করা হলেও এ মাসে তা পুনরায় ২ টাকা কমিয়ে আগের পর্যায়ে আনা হলো।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত যানবাহনে বহুল ব্যবহৃত অকটেনের দাম প্রতি লিটার ১২৪ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে রিজার্ভে স্বস্তি
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে গত ২০২৪ সালের মার্চ মাস থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এর আগে একই বছরের ২৯ ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। ওই নির্দেশিকায় উল্লেখ রয়েছে যে, অকটেন ও পেট্রোল মূলত ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হওয়ায় বাস্তবতার নিরিখে এ দুটিকে বিলাসদ্রব্য হিসেবে বিবেচনা করা হয় এবং এগুলোর দাম সব সময় ডিজেলের চেয়ে বেশি রাখা হয়।
বর্তমানে দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নির্ধারণ করলেও অন্যান্য জ্বালানির ক্ষেত্রে পদ্ধতি ভিন্ন। যেমন উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নির্ধারণের লক্ষ্যে সম্প্রতি বিইআরসি শুনানি সম্পন্ন করেছে, যার নতুন দাম খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।
প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণের মাধ্যমে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়ের এই প্রক্রিয়া নিয়মিতভাবে চলমান থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








