চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নারী দল ঘোষণা
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। এর আগে তিনি বাংলাদেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
এছাড়া সাত বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার শারমিন সুলতানা।
আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সেদিন তারা সরাসরি রাজশাহীর উদ্দেশে রওনা দেবে। রাজশাহীতে দুই দিনের প্রস্তুতি অনুশীলন শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও শ্রীলঙ্কা নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সবগুলো ওয়ানডে ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
এরপর ২৬ এপ্রিল দুই দল সিলেটের উদ্দেশে যাত্রা করবে। সেখানে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে।
আরও পড়ুন: অপরিবর্তিত দল নিয়ে কিউই পরীক্ষার সামনে মিরাজ-শান্তরা
স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, সোবনানা মোস্তারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।
নিউজবাংলাদেশ.কম/এসবি








