News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৫, ২৩ জানুয়ারি ২০২৬

আইসিসিকে রাজি করাতে নতুন কৌশল বিসিবির

আইসিসিকে রাজি করাতে নতুন কৌশল বিসিবির

ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিষয়টি আইসিসির স্বাধীন ‘ডিসপিউট রেজ্যুলেশন কমিটি’র কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে বিসিবি।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) আইসিসি জানায়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এবং ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। এরপর সরকারের সঙ্গে আলোচনা করার জন্য আইসিসির কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। নির্ধারিত সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে এবং এ সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। 

তিনি জানান, ভেন্যু পরিবর্তনের দাবি মানা না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।

বৈঠকের পর নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে বিসিবি আবারও ই-মেইলের মাধ্যমে আইসিসিকে চিঠি পাঠায়। ওই চিঠিতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির দায়িত্বে থাকা এই কমিটি স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত।

আরও পড়ুন: তিন কারণে বিসিবির প্রস্তাব নাকচ, ভারতের ভেন্যুতেই বাংলাদেশ

বিসিবির আশা, আইসিসি বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটির কাছে পাঠাবে। তবে আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। একইভাবে বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)ও শুরু থেকেই নীরব অবস্থান বজায় রেখেছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

সভায় বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সরকারের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়। জানা গেছে, ক্রিকেটাররা সরকারের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেননি। 

তারা জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে তাদের দায়িত্ব মাঠে খেলা হলেও অভিভাবক হিসেবে সরকার ও বিসিবি যে সিদ্ধান্ত নেবে, সেটিকেই তারা সমর্থন করবেন।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে প্রস্তুত রয়েছে, তবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষে বোর্ড অনড় অবস্থানে রয়েছে। তিনি জানান, ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির কাছে আইনি ও প্রশাসনিক সব পথেই লড়াই চালিয়ে যাবে বিসিবি।

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়