News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৪, ২২ জানুয়ারি ২০২৬

তিন কারণে বিসিবির প্রস্তাব নাকচ, ভারতের ভেন্যুতেই বাংলাদেশ

তিন কারণে বিসিবির প্রস্তাব নাকচ, ভারতের ভেন্যুতেই বাংলাদেশ

ফাইল ছবি

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

বুধবার (২১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, নির্ধারিত সূচি অনুযায়ীই ভারতের মাটিতে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। 

একইসঙ্গে আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের দশম টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে অনুরোধ জানিয়েছিল, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করার- সেটি গ্রহণ করা হয়নি। 

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ সরকার ও বিসিবির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি বিসিবিকে এক দিন সময় দিয়েছিল। অন্যথায় বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচ স্থানান্তরের অনুরোধ প্রত্যাখ্যানের পেছনে তিনটি প্রধান কারণ তুলে ধরেছে। প্রথমত, নিরাপত্তা ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। 

আইসিসি বলেছে, বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশ ভারতে খেলতে না গেলে অন্য দেশকে সুযোগ দেবে আইসিসি

দ্বিতীয়ত, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করলে লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। আইসিসি উল্লেখ করেছে, ভেন্যু বদলে অন্য দল, আয়োজক এবং বৈশ্বিক দর্শকদের জন্য বড় ধরনের জটিলতা সৃষ্টি হবে।

তৃতীয়ত, নজির সৃষ্টির আশঙ্কা রয়েছে। আইসিসি জানিয়েছে, কোনো বিশ্বাসযোগ্য হুমকি ছাড়া সূচি পরিবর্তন করলে ভবিষ্যতে আইসিসির নিরপেক্ষতা, ন্যায্যতা ও শাসনব্যবস্থা প্রশ্নবিদ্ধ হতে পারে।

আইসিসি আরও জানিয়েছে, স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাসহ সব মূল্যায়নে দেখা গেছে, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী কিংবা সমর্থকদের জন্য কোনো হুমকি নেই।

টুর্নামেন্টের সময়সূচি ঘনিয়ে আসায় আইসিসি মনে করছে, তত কাছাকাছি সময়ে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়। তারা উল্লেখ করেছে, ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপের এত কাছে এসে পরিবর্তন করা সম্ভব নয়।

আইসিসির এক মুখপাত্র বলেন, গত দুই সপ্তাহে বিসিবির সঙ্গে একাধিক বৈঠক ও চিঠিপত্রের মাধ্যমে গঠনমূলক আলোচনা হয়েছে। এই সময় আয়োজক কর্তৃপক্ষের নিরাপত্তা আশ্বাস, ভেন্যুভিত্তিক পরিকল্পনা এবং স্বাধীন মূল্যায়নের বিস্তারিত তথ্য বিসিবিকে প্রদান করা হয়েছে।

মোস্তাফিজ প্রসঙ্গে আইসিসির অবস্থান: ভারতের উগ্রপন্থীদের হুমকির প্রেক্ষাপটে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নিরাপত্তা প্রশ্ন তোলা হয়েছিল। তবে আইসিসি এই ঘটনাকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ বলে উল্লেখ করেছে এবং বলেছে, ‘একজন খেলোয়াড়ের ঘরোয়া লিগসংক্রান্ত একটি পৃথক ঘটনার সঙ্গে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর কোনো সম্পর্ক নেই।’

আইসিসি আরও জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের আলোচনার মূল লক্ষ্য ছিল এবং তারা এখনও সেই অবস্থানেই রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়