ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, আইসিসিকে কড়া বার্তা গাভাস্কারের
সুনীল গাভাস্কার। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটেছে। পাকিস্তান বিশ্বকাপে খেলতে রাজি হলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের এই অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও উঠেছে।
ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেষ মুহূর্তে কোনো দল টুর্নামেন্ট থেকে বা নির্দিষ্ট ম্যাচ থেকে সরে দাঁড়ালে তা বড় ধরনের সমস্যা তৈরি করে।
গাভাস্কার বলেন, যদি আগেভাগে সরে দাঁড়ানো হতো, সেটা ভিন্ন ব্যাপার ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এমন সিদ্ধান্ত নিলে আইসিসির অবশ্যই কোনো না কোনো পদক্ষেপ নেওয়া উচিত। আমি জানি না তারা কী ব্যবস্থা নেবে, তবে ভবিষ্যতে যেন আর কোনো দল এ ধরনের কাজ করতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।
পাকিস্তানের অবস্থানের কারণে আইসিসি আইনি পদক্ষেপ নিতে পারে বলেও মনে করছেন গাভাস্কার। তবে এর পরিণতি কী হতে পারে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।
আরও পড়ুন: বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট
তিনি আরও বলেন, ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। তবে এর ফলাফল কী হবে, তা বলা কঠিন। তবে এটা স্পষ্ট যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি মোটেও সন্তুষ্ট নয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








