News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ২৬ জানুয়ারি ২০২৬

বিসিবি নিয়ে তীব্র সমালোচনা আমিনুল হকের

বিসিবি নিয়ে তীব্র সমালোচনা আমিনুল হকের

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। এই ঘটনার প্রেক্ষিতে বিসিবির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

রবিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিষয়টি সঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছে বিসিবি। তিনি মন্তব্য করেন, যদি বোর্ড আরও দায়িত্বশীল ও কূটনৈতিক ভূমিকা পালন করত, বাংলাদেশের বিশ্বকাপে না খেলার পরিস্থিতি সৃষ্টি হতো না।

আমিনুল হক আরও বলেন, মুস্তাফিজ ইস্যুতে তিনি বারবার কথা বলেছেন। “যে কারণে কলকাতার স্কোয়াড থেকে একজন বোলারকে রিলিজ করা হয়েছে, সেটি বোর্ড ও আইপিএলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না।

বিসিবির কার্যক্রমকে কঠোরভাবে সমালোচনা করে তিনি বলেন, এই ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাদের হঠকারী সিদ্ধান্তের কারণে দেশের ক্রিকেট ও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থাকে, তা তদন্ত করে জনগণ ব্যবস্থা নেবে।

বোর্ড পরিচালকদের বেফাঁস মন্তব্য ও ক্রিকেটারদের খেলা বয়কট প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটাররা খেলা ছেড়ে বোর্ড পরিচালকের পদত্যাগ দাবি করবে, যা শোভনীয় নয়। বোর্ডের বক্তব্যও দায়িত্বজ্ঞানহীন। খেলোয়াড় ও সংগঠকদের আরও পেশাদার আচরণ করা উচিত। ব্যক্তিগত ইস্যু দিয়ে খেলাধুলাকে ক্ষতিগ্রস্ত করা ঠিক নয়।

বিশ্বকাপ প্রসঙ্গে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার খেলোয়াড়দের নিরাপত্তা। নিরাপত্তা নিশ্চিত না হলে সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে এটি আমাদের দায়িত্ববোধ ও সম্মানকে তুলে ধরবে।”

আরও পড়ুন: মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

তিনি আরও যোগ করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিবি ও আইসিসির মধ্যে সমন্বয় ও যোগাযোগের ঘাটতির কারণে বিষয়টি জটিল হয়েছে। সঠিক আলোচনার মাধ্যমে এটি সুন্দরভাবে সমাধান করা যেত।

সবশেষে তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বকাপে অংশ নিয়েছে এবং বিশ্ব ক্রিকেটে আমাদের মর্যাদা রয়েছে। বিশ্বকাপে না খেলতে পারা দেশবাসীর প্রত্যাশার পরিপন্থী। সবার আগে দেশের কথা চিন্তা করে, ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে সমাধান খোঁজা উচিত ছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়