নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৮, ১৪ অক্টোবর ২০২৬

৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৯ নভেম্বর, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শেষ, ৬ বিল পাস

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গত ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর রাত ৮টা ২৪ মিনিটে শেষ হয়। ওই অধিবেশনের সমাপ্তির পর নতুন অধিবেশন আহ্বানের মধ্য দিয়ে সংসদের কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে। তবে চতুর্থ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে এবং কী কী আইন প্রণয়ন বা সংসদীয় কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়