তদন্ত রিপোর্টের পর আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
তদন্ত রিপোর্ট পাওয়ার পর আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নামাজ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের আনন্দের দিনে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে—গতকাল আদ-দ্বীন হাসপাতালে শিশু ওয়ার্ডে শিশু মৃত্যুর ঘটনা। তার ভাষ্য অনুযায়ী, একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডের এসি বন্ধ করা হয়, এরপর সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকতে পারে।
মন্ত্রী আরও বলেন, তিনি অন্য একটি হাসপাতাল পরিদর্শনের সময় এ ঘটনার খবর পান। পরে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, রোগীদের স্বার্থে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
হাম রোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার হাম নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার কাজ চলছে। ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে।
তিনি আরও বলেন, আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ শিশুদের দূরে রাখতে পারলে ঈদের পর হাম আক্রান্তের সংখ্যা আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: জাহাজেই কাটল ৩১ বাংলাদেশি নাবিকের ঈদ
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ অন্যান্যরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








