স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৩, ২৮ মে ২০২৬

জাহাজেই কাটল ৩১ বাংলাদেশি নাবিকের ঈদ

জাহাজেই কাটল ৩১ বাংলাদেশি নাবিকের ঈদ

ছবি: সংগৃহীত

ঈদ মানেই পরিবার, আনন্দ আর আপনজনদের সঙ্গে সময় কাটানোর উপলক্ষ। কিন্তু বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ 'বাংলার জয়যাত্রা'-এর ৩১ জন নাবিকের এবারের ঈদুল আজহা কেটেছে সমুদ্রের বুকে, পরিবার থেকে হাজার মাইল দূরে।

বুধবার (২৭ মে) স্থানীয় সময় সকাল ১০টায় জাহাজটির নেভিগেশন ব্রিজে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাহাজের মাস্টার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম খানের ইমামতিতে নামাজ আদায় করেন নাবিকরা। নামাজ শেষে দেশ, পরিবার ও স্বজনদের জন্য বিশেষ দোয়া করা হয়। তবে আনন্দের মধ্যেও সবার মনে ছিল একটাই প্রশ্ন, কবে ফিরবেন ঘরে?

এর আগের ঈদুল ফিতরও সাগরে ভাসমান অবস্থায় কাটিয়েছেন তারা। তখন আশা ছিল কোরবানির ঈদে পরিবারের কাছে ফিরতে পারবেন। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক সংকট সেই আশাও ভেঙে দিয়েছে।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় *বাংলার জয়যাত্রা*। পরদিন থেকেই ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত শুরু হয়। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের মধ্যেই আটকে পড়ে বাংলাদেশি জাহাজটি।

পরবর্তীতে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো পারস্য উপসাগর ত্যাগের অনুমতি পায়নি জাহাজটি। ইরানের কঠোর বিধিনিষেধের কারণে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারছেন না নাবিকরা। একই সময়ে বিভিন্ন দেশের জাহাজ চলাচলের অনুমতি পেলেও বাংলাদেশি জাহাজটির জন্য এখনো মেলেনি সবুজ সংকেত।

নাবিকদের পরিবার যেমন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে, তেমনি জাহাজে থাকা নাবিকদের জীবনও যেন থমকে গেছে। ঈদের খাবার, ছোটখাটো আয়োজন কিংবা সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সাময়িক স্বস্তি দিলেও অনিশ্চয়তা কাটেনি তাদের।

জাহাজটির মাস্টার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম খান বলেন, কবে হরমুজ প্রণালি পার হতে পারব, এখনো নিশ্চিত নই। দীর্ঘদিন ধরে সাগরে আটকে থাকাটা মানসিকভাবে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:  ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী

টানা তিন মাস ধরে আন্তর্জাতিক রাজনৈতিক সংকটের মধ্যে আটকে থাকা ৩১ জন নাবিক এখন দিন গুনছেন ঘরে ফেরার অপেক্ষায়। প্রতিটি সূর্যোদয় তাদের কাছে নতুন অপেক্ষা, আর প্রতিটি রাত স্বজনদের কাছে ফেরার আকুল প্রার্থনা হয়ে উঠেছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়