দেড় কোটি মানুষের ঈদযাত্রা সন্তোষজনক: সড়কমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেড় কোটি মানুষের ঈদযাত্রা, প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহন এবং সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপের মধ্যেও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
মন্ত্রী বলেন, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা মনিটরিং করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট ও ধীরগতি থাকলেও সেটি স্বাভাবিক। সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় সেখানে চাপ তৈরি হচ্ছে। তবে ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত ভাড়ায় মানুষ বাড়ি ফিরতে পারছেন।
শেখ রবিউল আলম বলেন, দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ছেন। একই সময়ে প্রায় ৮০ লাখ কোরবানির পশুও পরিবহন করতে হচ্ছে। পরিবহন খাতের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাস কাউন্টার ও স্ট্যান্ডের বাইরে কিছু অসাধু ব্যক্তি যাত্রীদের তাড়াহুড়োর সুযোগ নিচ্ছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
রেলপথে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজনের বিষয়ে তিনি জানান, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটের তিনটি আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। তবে সব ট্রেনে তাৎক্ষণিকভাবে এই সুবিধা চালু করা সম্ভব হয়নি, কারণ অধিকাংশ টিকিট আগেই বিক্রি হয়ে গেছে এবং পর্যাপ্ত কোচও হাতে নেই। ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু
এ সময় উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, মেট্রো স্টেশনের নিচে পশুর হাট বসানোর সিদ্ধান্ত সরকারের ছিল না। এ বিষয়ে সিটি করপোরেশনের কাছে জানতে হবে। যারা ইজারা দিয়েছে এবং অর্থ নিয়েছে, দায় তাদেরই।
নিউজবাংলাদেশ.কম/এসবি








