ঢোল-বাদ্য আর রঙের উৎসবে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা
ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢোল-বাদ্য আর রঙের উৎসবে বৈশাখী শোভাযাত্রা শেষ হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
বরাবরের মতো এবারও শোভাযাত্রায় দেশি-বিদেশি বিভিন্ন ইস্যুর প্রতিফলন দেখা গেছে। এর মধ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড নজর কাড়ে সবার।
চারুকলা-টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে, অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম। এসব প্ল্যাকার্ডে উঠে আসে পরিবেশ, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক নানা ইস্যু। এর মধ্যে ছিল- ‘বাঁচাও সুন্দরবন’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’, ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’—এমন নানা স্লোগান।
এছাড়া পুরো শোভাযাত্রাজুড়ে ছিল ঢোল, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর। ঐতিহ্যবাহী এই আয়োজন সঙ্গীত ও রঙের মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে ওঠে।
আরও পড়ুন: ঢোল-বাদ্য ও রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল
নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে আরও সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। চৈত্র সংক্রান্তির দিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বকুলতলায় লোকসংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








