‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার
ছবি: সংগৃহীত
টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। তবে এটি প্রথমে সীমিত পরিসরে ‘পাইলট প্রকল্প’ হিসেবে শুরু হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রী জানান, কৃষক কার্ড ইস্যুতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে। তিনি বলেন, আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল কৃষক কার্ড দেওয়া। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু করা হবে।
কবে নাগাদ বিতরণ শুরু হতে পারে বলে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না। কারণ প্রস্তুতিমূলক অনেক কাজ রয়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ হলো, দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এ লক্ষ্যে কাজ করছে।
মন্ত্রী জানান, এই কার্ডের মাধ্যমে কৃষকরা উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। কৃষি জ্ঞান ও আধুনিক যন্ত্রপাতির সহজ প্রাপ্তি। সার, কীটনাশক ও বীজে সহায়তা। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে বাজার পরিস্থিতি, উৎপাদনের অবস্থা ও আবহাওয়ার তথ্য প্রাপ্তি।
তিনি বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে কৃষকরা উন্নত পরিকল্পনা করতে পারবেন।
প্রভাবশালী বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ঠেকাতে সরকার স্মার্ট কার্ড প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। জহির উদ্দিন স্বপন বলেন, কোনো লিকেজ বা মধ্যস্বত্বভোগী যেন সুযোগ না পায়, সেজন্যই আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। একজন সিম ক্রেতা যেমন সরাসরি ব্যাংকিং বা অন্যান্য সেবা পান, তেমনি এই কার্ডের মাধ্যমে কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ তৈরি হবে।
আরও পড়ুন: সিটি করপোরেশন নির্বাচনে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হবে: মির্জা ফখরুল
তিনি আরও জানান, পরিসংখ্যান অনুযায়ী দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে। তবে শুরুতে একটি নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট সংখ্যক কৃষককে নিয়ে পাইলট প্রকল্প চালু করা হবে, পরে তা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








