News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ২৫ স্থানে কম দামে মিলবে দুধ ডিম ও মাংস

রমজানে ২৫ স্থানে কম দামে মিলবে দুধ ডিম ও মাংস

ফাইল ছবি

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার সুলভ মূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

সরকার পরিচালিত এই কর্মসূচির আওতায় ঢাকা ও সিটি করপোরেশন এলাকার ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে, যাতে সাধারণ জনগণ সহজেই প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন এবং বাজারমূল্য স্থিতিশীল থাকে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন এ কার্যক্রম চালু থাকবে। কর্মসূচির অধীনে ড্রেসড ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।

রমজান মাসে প্রাণিজ পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য সহনীয় রাখতে করণীয় নির্ধারণে গত রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিস্তারিত আলোচনার পর সুলভ মূল্যে এসব পণ্য বিপণনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: শবে বরাতে ঢাকায় আতশবাজি, ফানুস ও গ্যাস বেলুন নিষিদ্ধ

প্রাথমিকভাবে রাজধানীর যেসব এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে সেগুলো হলো সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুরের ষাটফুট রোড ও কালশী, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার ও বঙ্গবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, মতিঝিলের আরামবাগ, যাত্রাবাড়ীর মানিকনগর গলির মুখ, বাড্ডার শাহজাদপুর, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও রেলক্রসিংয়ের দক্ষিণ পাশ, নাখালপাড়া লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বাবর রোড ও বসিলা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর এবং তেজগাঁও।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে এবং স্থায়ী স্পট নির্ধারণ করা হবে। 

পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও ব্রয়লার বিক্রির উদ্যোগ নেবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়