‘আমাদেরই একটি অংশ চায় না নির্বাচন সুষ্ঠু হোক’
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় পটুয়াখালীতে উচ্চপর্যায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো ও সুষ্ঠু হয়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে কী হবে, কী হবে না তা অনেকটাই তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর নির্ভর করবে। গণতন্ত্র রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করা জরুরি।
তিনি বলেন, তরুণরাই ঠিক করবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না। ভোটাধিকার প্রয়োগে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন, যা নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা আরও বাড়াবে। পাশাপাশি তিনি জানান, সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়।
আরও পড়ুন: ‘নির্বাচনী নিরাপত্তায় বিদেশিদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের নিরপেক্ষতা কাজের মাধ্যমে প্রমাণ করা জরুরি। ব্যক্তিগতভাবে কারও রাজনৈতিক মত থাকতে পারে, তবে কর্মক্ষেত্রে তার প্রকাশ গ্রহণযোগ্য নয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।
সভায় সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি জোরদার ও সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








