নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অধিবেশনে বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৫৫ শতাংশ। তবে আসন্ন নির্বাচনে এর চেয়ে বেশি ভোট পড়বে বলে আমার মনে হয়।
ভোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বের বিষয়ে তিনি বলেন, হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল। জামায়াত ও এনসিপি শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। পরে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছেন।
আরও পড়ুন: নির্বাচনে মোবাইল-ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি
এম তৌহিদ হোসেন বলেন, মানুষ সাধারণত দলের সিদ্ধান্ত অনুসরণ করেই ভোট দেয়। এখন বড় বড় রাজনৈতিক দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে, তাই হ্যাঁ ভোট সহজেই নিশ্চিত হবে বলে আমার ধারণা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








