‘সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ’
ফাইল ছবি
বাংলাদেশকে সব মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘সরস্বতী পূজা’ উপলক্ষ্যে শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন। এই দেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্বের এই ঐতিহ্যকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যতের মানদণ্ড স্থাপন করবে: প্রধান উপদেষ্টা
দেবী সরস্বতীর তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বাণীতে উল্লেখ করেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী হিসেবে আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। পূজার এই পবিত্র উৎসবের চেতনা যেন মানুষের জীবনকে আলোকিত করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শিক্ষার প্রকৃত লক্ষ্য সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, সরস্বতী পূজার এই পবিত্র উৎসব উপলক্ষ্যে আমি প্রত্যাশা করি, আমাদের শিক্ষা যেন কেবল নিজের উন্নতির জন্য না হয়, বরং সমাজের উন্নতির জন্য হয়। আমরা যেন আমাদের অর্জিত জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি। তিনি জ্ঞানকে জনকল্যাণে ব্যবহারের মাধ্যমেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব বলে মত প্রকাশ করেন।
পরিশেষে প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








