গণভোটের বিরুদ্ধে একমাত্র পরাজিত শক্তিরাই দাঁড়াতে পারে: আদিলুর রহমান
আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা পরাজিত শক্তি, ফ্যাসিবাদের সহযোগী এবং গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই গণভোটের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। বাংলাদেশের জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে রংপুরে দুই দিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, জুলাই বাংলাদেশকে মুক্ত করেছে। ফ্যাসিবাদের পতনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের চেতনাকে সামনে রেখেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের পক্ষে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদী।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশে জনমতের জোয়ার: প্রেস সচিব
এ সময় রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসানসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








