গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশে জনমতের জোয়ার: প্রেস সচিব
প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন।
শফিকুল আলম বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। এতে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা নিশ্চিত হবে।
ভোট প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না, তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। এ সময় তিনি ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।
মাজার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এখানে হামলা বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয়।
আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যতের মানদণ্ড স্থাপন করবে: প্রধান উপদেষ্টা
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ‘তৌহিদি জনতা’ পরিচয়দানকারী একদল লোক মাজারে হামলা ও ভাঙচুর চালায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








