News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৪, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৪, ২৩ জানুয়ারি ২০২৬

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক’

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক’

ছবি: সংগৃহীত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৮৩ জনকে স্ব-উদ্যোগে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬ জন অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। পাঁচটি সংস্থা অংশগ্রহণে অপারগতা জানিয়েছে। তবে আরও কিছু সংস্থার কনফারমেশন এখনো পাওয়া বাকি রয়েছে।

তিনি জানান, পর্যবেক্ষক ও সাংবাদিকদের অংশগ্রহণের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। একটি হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি আমন্ত্রণ, আরেকটি হলো সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত আমন্ত্রণ। এ পর্যন্ত ৭৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ৫০ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছেন। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানান তিনি।

ভিসা ব্যবস্থাপনা প্রসঙ্গে ইসি সচিব বলেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অন-অ্যারাইভাল ভিসা অথবা পয়েন্ট অব ডিপারচার থেকে ভিসা নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ যদি তা করতে না পারেন, সে ক্ষেত্রে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা থাকবে। বিমানবন্দরে হেল্প ডেস্ক খোলা হবে। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে, যেখানে হেল্প ডেস্ক ও মিডিয়া সেল থাকবে। সার্বিক সমন্বয়ের জন্য কর্মকর্তারাও দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, বর্তমানে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি অবস্থান করছেন। পর্যায়ক্রমে এ সংখ্যা প্রায় ৩০০-তে পৌঁছাতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে। কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ১০ জন এবং তুরস্ক থেকে প্রায় ৯ জন পর্যবেক্ষক আসার কথা রয়েছে।

আরও পড়ুন: ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসি সচিব জানান, যেসব দেশে বাংলাদেশের ভিসা ফ্যাসিলিটি বা কূটনৈতিক মিশন নেই, সেসব দেশের প্রতিনিধিরা যেন অন-অ্যারাইভালে কোনো ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে নির্বাচন কমিশনের ধারণা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়