নিকারের ১১৯তম সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসের ১১ প্রস্তাব অনুমোদন
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান উপদেষ্টার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সরকারের মোট ৬ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং সরকারের ১৪ জন সচিব ও সিনিয়র সচিব সভায় অংশ নেন। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় সরকারের রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এগুলো হলো—‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’। এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে বলে সভায় জানানো হয়।
স্বাস্থ্য খাতে প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে নতুনভাবে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম—Ministry of Women and Children Affairs (MoWCA)—অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন: নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা
পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব সভায় অনুমোদন পায়।
আইনশৃঙ্খলা ব্যবস্থার সম্প্রসারণ ও প্রশাসনিক সেবার উন্নয়নের লক্ষ্যে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাবও সভায় অনুমোদিত হয়। এর মধ্যে গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি নতুন থানা স্থাপন করা হবে। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা থানা ভেঙে আরও একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া প্রশাসনিক সংশোধনের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ হিসেবে প্রতিস্থাপনের প্রস্তাবও সভায় অনুমোদিত হয়।
এদিকে, নিকারের এই সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








