News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৮, ১৯ জানুয়ারি ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা

নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন; যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ এনে দিয়েছে।’ 

তিনি জানান, এই অর্জনকে স্থায়ী করার লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি অপরিহার্য হওয়ায় আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হচ্ছে।

ড. ইউনূস ভিডিও বার্তায় বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাওয়া। 

তিনি আরও বলেন, হ্যাঁ ভোটে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধীদলের যৌথ অংশগ্রহণ নিশ্চিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিল প্রেস উইং

প্রধান উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে সরকার ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করতে পারবে না; গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে। 

তিনি জানান, এতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে এবং একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সুফল তুলে ধরে বলেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিদের নির্বাচন হবে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে।

ড. ইউনূস আরও বলেন, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না এবং সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। 

তিনি বলেন, এই সব গুরুত্বপূর্ণ প্রস্তাবসহ আরও কিছু সংস্কার কার্যকর করা হয়েছে এবং এর বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট অত্যাবশ্যক।

বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা দেশবাসীকে বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ‘হ্যাঁ’ ভোটে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। 

তিনি সবাইকে নিজে ‘হ্যাঁ’ ভোট দিতে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, গণভোটে অংশ নিন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তুলতে ‘হ্যাঁ’-তে সিল দিন। দেশ পাল্টে দিন; ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়