News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৬, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪৭, ১৫ জানুয়ারি ২০২৬

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ২১ জানুয়ারি

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ২১ জানুয়ারি

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, জানা যাবে আগামী ২১ জানুয়ারি।

বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

ট্রাইব্যুনালে পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ ও জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

শুনানিতে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এসব অভিযোগের সঙ্গে জয় ও পলকের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে এ মামলায় অভিযোগ গঠন না করাসহ তাদের অব্যাহতির আবেদন করেন এই দুই আইনজীবী।

তবে প্রসিকিউশনের পক্ষে জয় ও পলকের অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

গেল ১১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। ওই দিন তিনটি অভিযোগ পড়ে শোনানোর পাশাপাশি দুই আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান তিনি।

এ মামলায় তিনটি অভিযোগ হল-জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেইসবুকে ‘উসকানি’ দেন পলক। এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সশস্ত্র বাহিনী’। এছাড়া ইন্টারনেট বন্ধ করে ‘মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা’ দেন এ দুই আসামি।

আসামিরা একইসঙ্গে হত্যায় সহায়তা করেন। ফলে পুলিশ ও দলীয় ‘সন্ত্রাসী বাহিনীর’ হামলায় শহীদ হন রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন।

তিন নম্বর অভিযোগ অনুযায়ী, আসামিরা উত্তরায় ৩৪ হত্যায় ‘সহায়তা’ করেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়