চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা হবে না। রায় ঘোষণার নতুন তারিখ ২৬ জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানোর সিদ্ধান্ত নেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় মোট আটজন আসামি রয়েছে। এর মধ্যে চারজন গ্রেফতার, বাকিরা পলাতক। গ্রেফতার আসামিরা হলেন- শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন, মো. নাসিরুল ইসলাম।
আরও পড়ুন: চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা আজ
মঙ্গলবার সকালে পুলিশ তাদের ট্রাইব্যুনালে হাজির করেছে। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনার পর প্রথমে ২০ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








